আসানসোল ✍ Final Exposer

আসানসোলের কুলটিতে পুকুর ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ,তদন্তে পৌরনিগম

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি এলাকায় জিটি রোডের পাশে ‘মার্বেল হাউস’ নামে একটি দোকান নির্মাণের জন্য পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার আসানসোল পৌরনিগমের আধিকারিকরা এবং ৯ নম্বর বোরোর চেয়ারম্যান চৈতন্য মাজি ঘটনাস্থলে যান।
চৈতন্য মাজি বলেছেন, এই দোকান তৈরির জন্য একটি পুকুর ভরাট করা হয়েছে, যা অবৈধ। এই অভিযোগের ভিত্তিতে পৌরনিগমের দল ঘটনাস্থলে গিয়ে জমির মাপজোক করে। পৌরনিগমের সহকারী প্রকৌশলী সুধাময় হাজরা জানান, “আমরা পুকুর ভরাটের অভিযোগ শুনে জায়গাটি পরীক্ষা করেছি। মাপজোকের রিপোর্ট পৌরনিগমে জমা দেওয়া হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

দোকান মালিকের বক্তব্য:-
মার্বেল হাউসের মালিক গৌতম মাজি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “২০১০ সালে আমরা এই জমি কিনেছিলাম। তখন এটি ডাঙা জমি ছিল, কোনো পুকুর ছিল না। জমির সব কাগজপত্র পৌরনিগমে জমা দেওয়া আছে।”


তদন্ত চলছে:-
পৌরনিগম এই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে। স্থানীয় মানুষের মধ্যে এই নিয়ে নানা কথা চলছে। কেউ কেউ পুকুর ভরাটের কারণে পরিবেশের ক্ষতির কথা বলছেন, আবার কেউ বলছেন, জমির কাগজপত্র ঠিক থাকলে সমস্যা নেই।
এই ঘটনা কুলটি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। পৌরনিগমের তদন্তে কী বেরোয় এবং তারা কী সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে আছে সবাই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার