আসানসোল ✍ Final Exposer

আসানসোলে রাজ্যপালকে 'গো ব্যাক' স্লোগান ও কালো পতাকা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ সর্বজনবিদিত। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এই মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছে যায়। রাজ্যের অভিযোগ উচ্চশিক্ষা দপ্তরকে অগ্রাহ্য করে রাজ্যপাল নিজের ইচ্ছামতো কাজ করে চলেছেন, উপাচার্য নিয়োগ করছেন। মামলা দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছায়। তারপরও পরিস্থিতির বদল হয়নি। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই বুধবার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। তারপরও সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস অণ্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে আসানসোল আসেন। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দক্ষিণ ধাদকা মোডের সামনে রাজ্যপালের উদ্দেশ্যে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয় এবং কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ - এই বিশ্ববিদ্যালয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। অথচ রাজ্যপাল আসছে বলে বিশ্ববিদ্যালয়ের যত জায়গায় মুখ্যমন্ত্রীর নামের ফলক রয়েছে তা ঢেকে ফেলা হয়েছে। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাছাড়া রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই এই অনুষ্ঠান হচ্ছে। আমরা তারও বিরোধিতা করেছি। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য

বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার