জেলার আপডেট ✍ Final Exposer

প্রচারে চপ-মুড়িতে মজেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী

সৌমিলি মন্ডল, রাইপুর, বাঁকুড়া:- সামনেই লোকসভা ভোট। সূর্যের উত্তাপ বেড়ে চললেও এখনো সেভাবে রাজনৈতিক উত্তাপ বাড়েনি। তার মাঝেই প্রার্থীরা নিজের মত করে ছোট আকারে জনসংযোগের কাজ করে চলেছেন। ক্লান্তি দূর করার জন্য কেউ গলায় ঢালছেন ডাবের জল, কেউবা ক্ষুধা নিবৃত্তির জন্য চপ-মুড়ি। বাঁকুড়ার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে রাইপুর সবুজ সংঘ মাঠে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী। সভাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রচন্ড দাবদহ উপেক্ষা করে নেতা-কর্মীদের সঙ্গে এলাকার বিভিন্ন প্রান্তে দিনভর প্রচার চালালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী। একইসঙ্গে প্রচারের ফাঁকে দলনেত্রীর সভার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে সদলবলে তিনি হাজির হন সবুজ সংঘের মাঠে। সেখানে হেলিপ্যাড ও মঞ্চ তৈরির কাজ চলছে। তখন তার সঙ্গে ছিলেন রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা যুব সভাপতি রাজকুমার সিংহ, যুব নেতা গনেশ মাহাত, দেবাশীষ মন্ডল, জয়দেব দুলে, শান্তি নাথ মন্ডল, জেলা পরিষদ সদস্য কালীপদ সরেন, মহিলা নেত্রী সুস্মিতা টুডু, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর, শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক, কল্যাণ মিশ্র, মানসিং মাহাত প্রমুখ।

সারাদিনের পরিশ্রম ও ক্ষুধা জনিত ক্লান্তি যখন তাদের গ্রাস করে ফেলে তখন ক্ষণিকের বিশ্রামের ফাঁকে দেখা যায় চপ-মুড়ি দিয়ে ক্ষুধা নিবৃত্তি করছেন বিধায়ক তথা প্রার্থী অরূপ চক্রবর্তী সহ দলীয় নেতা-কর্মীর। হাসতে হাসতে তিনি বললেন - বাঁকুড়াবাসীর প্রিয় খাবার মুড়ি এবং এখানেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুড়ি মেলা হয়। বাঁকুড়া কেন্দ্রে নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত অরূপবাবু এক প্রশ্নের উত্তরে বললেন- যেভাবে আমাদের সমস্ত স্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করছেন তাতে আগামী ৮ ই এপ্রিল দলনেত্রীর নির্বাচনী জনসভায় জনপ্লাবন ঘটবে রাইপুরের বুকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার