জেলার আপডেট ✍ Final Exposer

গঙ্গাসাগর মেলা ২০২৬: প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

রমেশ রায়, গঙ্গাসাগর:-আসন্ন ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা-র প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগরে এলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।

এদিন জেলাশাসক মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ, কচুবেড়িয়া ভেসেল ঘাট এবং গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও তিনি বাফার জনগুলি ঘুরে দেখেন এবং সমুদ্র সৈকতে সম্প্রতি ভেঙে যাওয়া ঘাটগুলির মেরামতির কাজও পরিদর্শন করেন।

মেলা চলাকালীন যাতে পুণ্যার্থীদের কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য সমস্ত পরিকাঠামো দ্রুত প্রস্তুত করার উপর জোর দেন জেলাশাসক। পরিদর্শনের শেষে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ড্রেজিং দ্রুত শেষ করা, নিরাপত্তা জোরদার করা এবং যাতায়াত ব্যবস্থা মসৃণ রাখার বিষয়ে বিশদ আলোচনা হয়। প্রশাসনিক মহলের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার