আসানসোল ✍ Final Exposer

এসআইআর শুনানি, আসানসোলে সর্বদলীয় বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

         জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সমগ্র রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে চলছে 'সার'-এর শুনানি প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে ও মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং নির্বাচন কমিশন স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলাশাসকের কার্যালয়ের একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুনানির পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএমের প্রাথমিক পরীক্ষা সম্পর্কে আলোচনা করা হয়। 

         বৈঠকে জেলা শাসকের কাছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা শুনানি প্রক্রিয়ায় কোথায় কী সমস্যা ও অসুবিধা হচ্ছে সেই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। কিছু কেন্দ্রে যেভাবে ৮৫ বছরের বেশি বয়সী সহ অসুস্থদের শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে সেই বিষয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রতিনিধিদের দাবি জেলাশাসক তাদের উদ্বেগের কথা শুনেছেন এবং এমন কোনও সমস্যা থাকলে সেটা সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। মোটের উপর শুনানি প্রক্রিয়া যেভাবে চলছে তাতে প্রত্যেক দলের প্রতিনিধিদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় এবং  জেলাশাসক, মহকুমাশাসক সহ পুরো জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করা হয়।

       তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের বৈঠকে স্পষ্ট করে বলা হয়, আগামী ১৪ ই  ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যদি এই জেলায় একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তার তীব্র বিরোধিতা করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার