আসানসোল ✍ Final Exposer

সাতসকালেই খুন, এলাকায় আতঙ্ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:  

        নামাজ পড়তে যাওয়ার পথে সাতসকালেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের হাতে খুন হলেন হীরাপুর থানার করিমডাঙ্গল এলাকার বাসিন্দা বাসিন্দা মহঃ শরফুদ্দিন (৪৭)। পেশায় তিনি গ্রিল ব্যবসায়ী ছিলেন। দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি মোটরবাইকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

        আসানসোল জেলা হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, পেছনের দিক থেকে দুষ্কৃতিরা খুব কাছ থেকে ঐ ব্যবসায়ীর পিঠের ডানদিকে গুলি চালায় । এছাড়াও ওই ব্যক্তির মুখে ও নাকে ক্ষত চিহ্ন রয়েছে।

        এদিকে ঘটনার খবর পেয়ে এসিপি ইপ্সিতা দত্তের নেতৃত্বে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলির খোল উদ্ধার করেছে।  আশেপাশে থাকা সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতিদের ধরার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে। 

          শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দু'জন  হলেন মৃত ব্যক্তির ভাইপো এবং অন্যজন তাদের পরিচিত। সম্পত্তির বিবাদ জনিত কারণে এই খুন। 

     এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের অভিযোগ এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নাই।  সমস্ত  অভিযোগ উড়িয়ে দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার