আসানসোল ✍ Final Exposer

কল্যানেশ্বরী ফাঁড়িতে প্রথম মহিলা ইনচার্জ, সংবর্ধনায় এলাকার মহিলারা

কল্যানেশ্বরী ফাঁড়িতে প্রথম মহিলা ইনচার্জ, সংবর্ধনায় এলাকার মহিলারা

সংবাদদাতা, সালানপুর:- সালানপুর থানার অধীন কল্যানেশ্বরী ফাঁড়িতে প্রথমবারের মতো মহিলা ইনচার্জ হিসেবে দায়িত্ব নিলেন শিউলী মন্ডল। দায়িত্ব গ্রহণের পর তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন এলাকাবাসী বাবাই ঘোষাল ও শঙ্কর সাউ (বিল্টু)।তাঁদের সঙ্গে এলাকার বহু মহিলাও এদিন ফাঁড়ি প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

বাবাই ঘোষাল বলেন, “এই প্রথম কল্যানেশ্বরী ফাঁড়িতে একজন মহিলা ইনচার্জ এলেন। বিষয়টি ঘিরে এলাকার মহিলাদের মধ্যে উৎসাহ রয়েছে। তাঁদের ইচ্ছাতেই আজ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, নতুন ইনচার্জ আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করবেন এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

স্থানীয় মহিলাদের মতে, একজন মহিলা অফিসারের উপস্থিতি তাঁদের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে নারী সংক্রান্ত নানা সমস্যায় সরাসরি কথা বলার ক্ষেত্রে এটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনা দেবী,রিতা সিং,সুনিতা গুপ্তা, রেখা নুনিয়া-সহ আরও অনেকে। সংবর্ধনার মধ্য দিয়ে কল্যানেশ্বরী ফাঁড়িতে এক নতুন সূচনার ইঙ্গিত মিলল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার