জেলার আপডেট ✍ Final Exposer

‘হার্বাল চকলেট’-এর নামে স্কুলছাত্রীকে মাদক দেওয়ার অভিযোগ

‘হার্বাল চকলেট’-এর নামে স্কুলছাত্রীকে মাদক দেওয়ার অভিযোগ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        ‘হার্বাল চকলেট’-এর আড়ালে নাবালিকা  স্কুলছাত্রীকে মাদক দেওয়ার অভিযোগ উঠল    দুর্গাপুর শহরের ধনুড়া প্লট এলাকার জনৈক দোকানদারের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পছে। জানা যাচ্ছে, ওই ছাত্রীটি স্থানীয় দোকানে ঠান্ডা পানীয় কিনতে গেলে দোকানদার তাকে ‘হার্বাল চকলেট’-এর একটি প্যাকেট দেয়। পরে বিদ্যালয়ে এসে ছাত্রীটি দেখে সেটি আসলে মাদক। বিষয়টি জানতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ছাত্রীর অভিভাবককে খবর দেয়। 

          ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দোকানে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যালয়ের অধ্যক্ষা দোকানদারের কাছে জানতে চান কেন ছাত্রীটিকে নেশার বস্তু দেওয়া হয়েছিল? চাপের মুখে দোকানদার নিজের ভুল স্বীকার করে বলেন, অনিচ্ছাকৃতভাবেই এমন ঘটনা ঘটেছে এবং ক্ষমা প্রার্থনা করেন। দোকানদারের দাবি, তিনি নিজে থেকে এটা দেননি, ছাত্রীটি চাওয়ায় তাকে দেওয়া হয়েছিল। 

       পরে বিদ্যালয়ের অধ্যক্ষা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে শহরে প্রকাশ্যে এই ধরনের নেশার সামগ্রী বিক্রি করা আইনত অপরাধ। এই দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।

       খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দোকানদারকে আটক করে। পুলিশ   ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলপড়ুয়া শিশুদের নিরাপত্তা নিয়ে এলাকায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার