জেলার আপডেট ✍ Final Exposer

সাইকেলে চেপে সমুদ্রতীর রক্ষার বার্তা, কপিলমুনি আশ্রমে পৌঁছালেন শুভম পাল

সাইকেলে চেপে সমুদ্রতীর রক্ষার বার্তা, কপিলমুনি আশ্রমে পৌঁছালেন শুভম পাল


রমেশ রায়, দক্ষিণ চব্বিশ পরগনা:- দেশজুড়ে সমুদ্রতীর রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন উত্তরপ্রদেশের বারানসীর যুবক শুভম পাল। সাইকেল চালিয়ে ভারতের বিভিন্ন উপকূলীয় অঞ্চল ঘুরে অবশেষে তিনি পৌঁছালেন গঙ্গাসাগরের পবিত্র কপিলমুনি আশ্রম-এ।
শুভম জানান, ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর বার্তা থেকেই তিনি অনুপ্রাণিত হন। শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে তিনি সাইকেলে করে দেশের বিভিন্ন কোস্টাল লাইন ধরে যাত্রা শুরু করেন। তাঁর মূল উদ্দেশ্য—সমুদ্রতীর সংরক্ষণ এবং মানুষকে সুস্থ জীবনযাপনের গুরুত্ব বোঝানো।
দীর্ঘ এই যাত্রায় শুভমের সঙ্গী শুধুই তাঁর সাইকেল। পথে কোনো সমস্যায় পড়লে নিজেই সাইকেল মেরামত করে আবার রওনা দেন। পশ্চিমবঙ্গে এসে তিনি জানতে পারেন নির্বাচনী প্রক্রিয়া চলছে। সেই সময়েও তিনি মানুষের মধ্যে শরীরচর্চার গুরুত্ব ও সুস্থ থাকার বার্তা পৌঁছে দেন।
শুভম আরও জানান, ফিট ইন্ডিয়া অন সাইকেল কর্মসূচি তাঁর খুব পছন্দের। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য—সাইকেল চালনাকে জনপ্রিয় করে তোলা, দূষণ কমানো এবং সুস্থ জীবনযাত্রা গড়ে তোলা।
উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে গুজরাতসহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল ঘুরে অবশেষে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন তিনি। গঙ্গাসাগরের সাগরদ্বীপে এসে নিজের এই যাত্রাকে সফল বলে মনে করছেন শুভম।
সমুদ্রতীর রক্ষা ও সুস্থ জীবনের বার্তা নিয়ে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই মানুষের নজর কেড়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার