জেলার আপডেট ✍ Final Exposer

​তারাপীঠে জনজোয়ার, বীরভূমের মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন অভিষেক 

​তারাপীঠে জনজোয়ার, বীরভূমের মাটি থেকে উন্নয়নের বার্তা দিলেন অভিষেক 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

     দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার তারাপীঠে জনসভা করলেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক ব্যানার্জ্জী। তপ্ত দুপুরে জনসভা পরিণত হয় জনসমুদ্রে। সভার আগে অভিষেক তারাপীঠ মন্দিরে পুজো দেন ও মা তারার আশীর্বাদ চেয়ে নেন। এদিন সভার শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি বীরভূমের উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন বীরভূমের মানুষের সঙ্গে তার আত্মিক যোগের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, "এখানে বশ্যতা স্বীকার করার কোনো জায়গা নেই। মা তারার এই পূণ্যভূমি থেকে আজ আমরা বাংলার অধিকার রক্ষার লড়াই শুরু করছি।"

      অভিষেক অভিযোগ করেন, "কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের আবাস যোজনা,  ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে। দিল্লির বঞ্চনার জবাব  বাংলার মানুষ দেবে।"  তিনি তৃণমূলের ইস্তাহারের 'পাঁচটি শপথ' স্মরণ করিয়ে দেন - মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, পাইপলাইনের সাহায্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল, দুয়ারে স্বাস্থ্য শিবির হবে, প্রবীণরা বার্ধক্য ভাতা পাবেন এবং গরীবের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি দাবি করেন, "রাজ্যে চতুর্থবারের জন্য মা-মাটি-মানুষের সরকার এখন কেবল সময়ের অপেক্ষা।" দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন,"বাড়ি বাড়ি যান, মানুষের অভাব-অভিযোগ শুনুন এবং গত পাঁচ বছরে আমরা কী কাজ করেছি তার রিপোর্ট কার্ড তুলে ধরুন।" ​এদিনের সভায় অভিষেক বীরভূমের সবকটি আসনেই জোড়াফুল ফোটানোর ডাক দেন। 

​      ​   তারাপীঠে অভিষেকের এই সভা দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা জুগিয়েছে। এখন দেখার, ইভিএমে এই জনসভার প্রভাব কতটা প্রতিফলিত হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার