আসানসোল ✍ Final Exposer

“কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকার গয়না ফেরত—অন্ডালের গ্যারেজ কর্মীর সততায় নজির”

“কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকার গয়না ফেরত—অন্ডালের গ্যারেজ কর্মীর সততায় নজির”

অনন্ত রুইদাস, অন্ডাল:-


লোভ-লালসার এই সময়ে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অন্ডালের এক গ্যারেজ কর্মী। কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথিপত্র বিনা দ্বিধায় পুলিশের হাতে তুলে দিয়ে তিনি মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
জানা গেছে, অন্ডাল মোড়ের একটি মোটরবাইক গ্যারেজে কর্মরত মোহাম্মদ শাহবাজ (মহসিন আনসারী নামে পরিচিত) বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি গাড়ির ট্রায়াল দিতে বেরিয়েছিলেন। সেই সময় রাস্তার উপর একটি থলি পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। সঙ্গে থাকা এক সহকর্মীকে নিয়ে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং সঙ্গে সঙ্গেই ট্রাফিক বিভাগের এক কর্মকর্তাকে ফোনে খবর দেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থলিটি উদ্ধার করে অন্ডাল থানায় নিয়ে যায়। পরে জানা যায়, থলিটির মধ্যে ছিল সোনার গয়না ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
অন্যদিকে, অন্ডালের কাজড়া এলাকার বাসিন্দা গৌতম মুখার্জি গোপালমাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত বাইক থেকে থলিটি ফেলে দেন। গন্তব্যে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে তিনি ভেঙে পড়েন এবং দ্রুত খোঁজ শুরু করেন। পরে জানতে পারেন, থলিটি পুলিশ উদ্ধার করেছে এবং থানায় জমা রয়েছে।
পরবর্তীতে পুলিশ সমস্ত যাচাই-বাছাই করে সঠিক মালিকের হাতে সেই গয়না ও নথিপত্র তুলে দেয়।
গৌতম মুখার্জি ও তাঁর আত্মীয়রা ওই গ্যারেজ কর্মী এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “এখনও সমাজে এমন সৎ মানুষ আছেন, যারা নিজের স্বার্থ না ভেবে অন্যের উপকার করেন—এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
এই ঘটনা আবারও প্রমাণ করে, মানবিকতা ও সততা এখনও সমাজে বেঁচে আছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার