আসানসোল ✍ Final Exposer

অন্ডালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মত্ত কন্টেইনার চালকের দাপটে জখম ২, রণক্ষেত্র ১৯ নম্বর জাতীয় সড়ক

অন্ডালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মত্ত কন্টেইনার চালকের দাপটে জখম ২, রণক্ষেত্র ১৯ নম্বর জাতীয় সড়ক


অনন্ত রুইদাস, অন্ডাল, পশ্চিম বর্ধমান:-
পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত মঙ্গলপুর এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি দ্রুতগামী কন্টেইনারের ধাক্কায় উল্টে গেল ইট বোঝাই ট্রাক্টর। এই ঘটনায় ট্রাক্টরে থাকা ৫ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মঙ্গলপুর থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কে পিছন দিক থেকে আসা একটি কন্টেইনার সজোরে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ট্রাক্টরটি রাস্তার ওপরই উল্টে যায়।
ট্রাক্টরে মোট পাঁচজন সওয়ার ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিটকে রাস্তার পাশে পড়ে যাওয়ায় অল্পবিস্তর চোট পান। তবে বাকি দুজন গুরুতর আহত হওয়ায় তাদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, ঘাতক কন্টেইনারটি নেপালের। অন্ডালে ট্রাক্টরটিকে ধাক্কা দেওয়ার আগে রানীগঞ্জ এলাকায় এটি একটি বাইক আরোহীকেও ধাক্কা মেরেছিল বলে জানা গেছে। শেষ পর্যন্ত মুচিপাড়া রোডে কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অভিযোগ উঠেছে যে, কন্টেইনার চালক মদ্যপ অবস্থায় ছিলেন, যার কারণেই এই ধারাবাহিক দুর্ঘটনা।
এই দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রায় ৩০ মিনিট ধরে রাস্তা পুরোপুরি বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ এবং অন্ডাল ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে।
বর্তমানে পুলিশ কন্টেইনার চালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার