আসানসোল ✍ Final Exposer

বামেদের মিছিলে জনজোয়ার: শিল্পী চক্রবর্তীর সমর্থনে মহঃ সেলিমের মেগা শো

বামেদের মিছিলে জনজোয়ার: শিল্পী চক্রবর্তীর সমর্থনে মহঃ সেলিমের মেগা শো

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        শিল্পাঞ্চলের হারানো জমি পুনরুদ্ধার করতে রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) মনোনীত প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিলে অংশ নিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। লাল পতাকায় ঢাকা আসানসোলের রাজপথ এদিন কার্যত বামেদের শক্তি প্রদর্শনের কেন্দ্রে পরিণত হয়।

       বারিময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে আদিবাসী নৃত্য, ধামসা-মাদল এবং যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।    মিছিলে উপচে পড়া ভিড় দেখে উজ্জীবিত বাম কর্মী-সমর্থকরা ‘বিকল্পের খোঁজে বাম’ স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন।

       ​মিছিল শেষে এক পথসভায় মহম্মদ সেলিম তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন,

​"তৃণমূলের আমলে আসানসোল কেবল বালি চোর, কয়লা চোর আর সিন্ডিকেট রাজ দেখেছে। সাধারণ মানুষের রুটি-রুজির কোনো ব্যবস্থা হয়নি।"

       ​বিজেপিকে আক্রমণ করে সেলিম বলেন, "বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিঠ-ওপিঠ। দিল্লিতে যারা মানুষের পকেট কাটছে, বাংলায় তারা ধর্মের নামে বিভাজন করছে।"

         ​বিকল্পের ডাক দিয়ে শিক্ষিত এবং লড়াকু প্রার্থী হিসেবে শিল্পী চক্রবর্তীকে জয়ী করে বিধানসভায় পাঠানোর আবেদন জানান তিনি।

         শিল্পী চক্রবর্তী বলেন, "মানুষ ভয়মুক্ত আসানসোল চাইছে। আমরা কেবল ভোট নয়, মানুষের অধিকারের লড়াই লড়ছি।"

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার