জেলার আপডেট ✍ Final Exposer

শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ৩২৭তম খালসা পন্থের জন্ম জয়ন্তী

শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ৩২৭তম খালসা পন্থের জন্ম জয়ন্তী

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

​        যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পানাগড় বাজারের স্থানীয় গুরুদুয়ারায় পালিত হলো খালসা পন্থের ৩২৭তম জন্ম জয়ন্তী। ১৬৯৯ সালের এই পুণ্য তিথিতেই দশম শিখ গুরু গোবিন্দ সিং আনন্দপুর সাহিবে খালসা পন্থের প্রতিষ্ঠা করেছিলেন। এই বিশেষ দিনটিকে স্মরণ করে সকাল থেকেই পানাগড় ও পার্শ্ববর্তী এলাকার শিখ ধর্মাবলম্বী মানুষজন গুরুদুয়ারায় ভিড় জমান।

          ​উৎসব উপলক্ষ্যে গত দু'দিন ধরেই গুরুদুয়ারায় ‘অখণ্ড পাঠ’ চলছিল, যার আজ সমাপ্তি ঘটে। এদিন সকালে পবিত্র নিশান সাহিব উত্তোলন ও বিশেষ আরদাসের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আয়োজিত কীর্তন দরবারে অমৃতসর থেকে আগত রাগী জাঠারা গুরুবাণী পাঠ ও ভজন পরিবেশন করেন। গুরু গোবিন্দ সিং-এর বীরত্বগাথা এবং সাম্য ও সেবার আদর্শ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গুরুদুয়ারে বিশেষ দিন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ৪০ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 

        ​উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘লঙ্গর’। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ গুরুদুয়ারার এই কমিউনিটি কিচেনে বসে প্রসাদ গ্রহণ করেন। গুরুদুয়ার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খালসা পন্থের মূল লক্ষ্য ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মানবতার সেবা করা। সেই বার্তাই বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছে গুরুদুয়ার কর্তৃপক্ষ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার