আসানসোল ✍ Final Exposer

দলীয় প্রার্থীর সমর্থনে 'মহাগুরু'র রোড শো-এ জনজোয়ার

দলীয় প্রার্থীর সমর্থনে 'মহাগুরু'র রোড শো-এ জনজোয়ার

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

           কুলটি কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা. অজয় পোদ্দারের সমর্থনে এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নিলেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। এদিন আসানসোলের রাস্তায় কার্যত জনজোয়ার নামে। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে এবং তাঁর মুখে ‘চেনা সংলাপ’ শুনতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েন হাজার হাজার সমর্থক ও কৌতূহলী মানুষ। হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী অজয় পোদ্দারকে পাশে নিয়ে যখন মিঠুন এলাকায় প্রবেশ করেন তখন ফুলের বর্ষণ, শঙ্খধ্বনি, ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে  মুখর হয়ে ওঠে গোটা এলাকা। তার উপস্থিতি ঘিরে কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করার পাশাপাশি বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। 

        এদিনের প্রচারে কুলটির ভোটারদের উদ্দেশে তার বার্তা ছিল স্পষ্ট, "উন্নয়নই হোক নির্বাচনের মূল মাপকাঠি। এলাকার সার্বিক অগ্রগতির জন্য শিক্ষিত ও দায়বদ্ধ প্রার্থীকে নির্বাচিত করা প্রয়োজন।" মিঠুন বলেন, "মানুষ পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা লড়াই করছি।"  মিঠুনের এই মেগা শো আসানসোলের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার