আসানসোল ✍ Final Exposer

গণতন্ত্রের মহোৎসবে সামিল পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল  

গণতন্ত্রের মহোৎসবে সামিল পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল  

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         তাপমাত্রা ৪০°সে. ছাড়িয়ে গেছে। তপ্ত আবহাওয়াকে উপেক্ষা করে গণতন্ত্রের মহোৎসবে  সামিল হলেন পশ্চিম বর্ধমানের    শিল্পাঞ্চলের বাসিন্দারা এবং রেকর্ড হারে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলেন। জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের নির্বাচনে জেলায় মোট ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৯০.৩৩ শতাংশ, যা পূর্বের অনেক রেকর্ডকে ম্লান করে দিয়েছে।

         ​ভোটের দিন সকাল থেকেই জেলার বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। খনি অঞ্চল থেকে শুরু করে ইস্পাত নগরী - সর্বত্রই ধরা পড়েছে একই ছবি। বিশেষ করে নতুন ভোটার এবং মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমতেই বুথগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।  জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নজর কেড়েছে পাণ্ডবেশ্বর। সেখানে রেকর্ড সংখ্যক  ৯২.১৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর ঠিক পরেই রয়েছে জামুরিয়া যেখানে  ৯১.৭৯ শতাংশ মানুষ তাদের  ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেন্দ্রীয় বাহিনীর  কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে প্রক্রিয়া।

          কলকারখানা ও খনি শ্রমিকদের মধ্যে ভোট দেওয়ার মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচনে শিল্পাঞ্চলের মানুষের এই বিপুল সংখ্যায় অংশগ্রহণ সচেতন নাগরিকত্বেরই পরিচয় বহন করে। জেলাশাসক অভাবনীয় এই সাফল্যের জন্য সমস্ত ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে পশ্চিম বর্ধমানের এই 'গণতন্ত্রের মহোৎসব' একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিপুল জনমত আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার