জেলার আপডেট ✍ Final Exposer

'দেব' ম্যাজিক : বিমল দাসের সমর্থনে জনজোয়ার আমতায়

'দেব' ম্যাজিক : বিমল দাসের সমর্থনে জনজোয়ার আমতায়

​রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার : 

          ভোট ময়দানে গ্ল্যামার আর রাজনীতির মিশেলে প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দেব। সোমবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমল কুমার দাসের সমর্থনে আমতা স্পোর্টিং মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। চড়া রোদ উপেক্ষা করে পর্দার নায়ককে একঝলক দেখতে কয়েক হাজার মানুষের ভিড়ে এদিন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের।

        জনতাকে উদ্দেশ্য করে দেব বলেন, "মমতা ব্যানার্জ্জীর সংগ্রাম ও উন্নয়নের নিরিখেই এবার ভোট হবে।" তার বক্তব্যে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথী সহ নানান জনমুখী প্রকল্পের খতিয়ান। একইসঙ্গে ভোটার তালিকা নিয়ে 'চক্রান্তের' বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আইনি লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান।

        জনসভায় উপস্থিত হয়ে প্রবীণ তৃণমূল নেতা অরূপ রায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, "বাংলার উন্নয়ন স্তব্ধ করতেই বিরোধীরা ষড়যন্ত্র করছে, যার যোগ্য জবাব আমজনতা ইভিএমে দেবেন। অন্যদিকে, সাজদা আহমেদ মমতা ব্যানার্জ্জীর সরকারের জনমুখী প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরে বিমল কুমার দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

              প্রার্থী বিমল কুমার দাস এদিন এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। জনসভাকে কেন্দ্র করে আমতা এলাকায় তৃণমূল কর্মীদের উদ্দীপনা ছিল তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, প্রচারের শেষ দিনে এই হাই-ভোল্টেজ সভা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে ঘাসফুল শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। কেন্দ্রটিতে জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী তৃণমূল নেতৃত্ব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার