আসানসোল ✍ Final Exposer

স্ট্রং রুমের নিরাপত্তা পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ কমিশনার

স্ট্রং রুমের নিরাপত্তা পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ কমিশনার

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। আগামী সোমবার ভোটগণনা। তার আগে নিরাপত্তার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে স্থাপিত স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।

      ​এদিন জেলাশাসক পোন্নবলাম এস এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ প্রণব কুমার সশরীরে স্ট্রং রুম এলাকা পরিদর্শন করেন। এই কেন্দ্রে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া এবং বারাবনি - এই ছয়টি বিধানসভা কেন্দ্রের ইভিএম সংরক্ষিত রয়েছে। পরিদর্শনের সময় তারা কয়েকটি বিষয়ের ওপর বিশেষ জোর দেন। স্ট্রং রুমের ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং   কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন তারা খতিয়ে দেখেন। সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা  ও কন্ট্রোল রুমের মনিটরিং এবং ইভিএম রাখা ঘরগুলোর সিল ও সুরক্ষা কবচ ঠিক আছে কি না তা যাচাই করেন।

         ​পরিদর্শন শেষে আধিকারিকরা স্ট্রং রুমের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো চত্বর।

       উল্লেখ্য, আগামী সোমবার সকাল থেকে শুরু হবে কাউন্টিং। আশা করা হচ্ছে দুপুর ১২টার মধ্যেই নির্বাচনী ফলাফলের প্রাথমিক গতিপ্রকৃতি বা ট্রেন্ড স্পষ্ট হয়ে উঠবে। নির্বিঘ্নে এবং স্বচ্ছতার সাথে ভোটগণনা সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন বদ্ধপরিকর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার