উত্তরবঙ্গ আপডেট

সেরার সেরা মিলনমোর ফুটবল অ্যাকাডেমি

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:-

উত্তরের দিশারি আয়োজিত দ্বি-দিবসীয় মহিলা ফুটসল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিলিগুড়ি মিলনমোর ফুটবল অ্যাকাডেমি। রবিবার শিলিগুড়ির ডাবগ্রাম সূর্যনগর মিউনিসিপ্যাল গ্রাউন্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তাঁরা ৬–১ গোলে পরাজিত করে ডুয়ার্স ট্রাইবাল ইয়ুথ ফুটবল অ্যাকাডেমিকে।

এদিনের এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ী দল মিলনমোর ফুটবল অ্যাকাডেমির নায়িকা রিতিকা বারাইক। সে একাই তিনটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। অনীশা মুন্ডা যোগ করেন আরও দুই গোল, আর নিকিতা সোয় করেন একটি গোল। অপরদিকে, ডুয়ার্স দলের হয়ে একমাত্র গোলটি করেন নীলু তির্কে। অসাধারণ পারফরম্যান্সের জন্য রিতিকা বারাইককে “প্লেয়ার অফ দ্য ম্যাচ” সম্মানে ভূষিত করা হয়।

দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮ জেলা থেকে ১৬টি দল অংশ নেয়। ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারজয়ী ফুটবল তারকা শান্তি মল্লিক। পাশাপাশি পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মী পাল এবং বিশিষ্ট ক্রিকেট কোচ জয়ন্ত ভৌমিক।

উত্তরবঙ্গের মহিলাদের ফুটবলে প্রতিভা ও অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।