আসানসোল ✍ Final Exposer

কাউন্সিলরের দপ্তরে মাঝরাতে অগ্নিকাণ্ড: তুঙ্গে রাজনৈতিক তর্জা

কাউন্সিলরের দপ্তরে মাঝরাতে অগ্নিকাণ্ড: তুঙ্গে রাজনৈতিক তর্জা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-:

      আসানসোলের কোর্ট মোড় এলাকায় তৃণমূল কাউন্সিলর মৌসুমী বসুর দপ্তরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ওই কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে গোটা দফতরটি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

         ​ঘটনাস্থলে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক দাবি করেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। তার আশঙ্কা, বিজেপিকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন-পরবর্তী হিংসা বরদাস্ত না করার কড়া বার্তা দিয়েছেন। এমতাবস্থায় এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

        জানা গিয়েছে,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মৌসুমী বসু। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক প্রতিহিংসা, তা নিয়ে এলাকায় চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার