আসানসোল ✍ Final Exposer

অন্ডালে বিয়ের আসরে শ্যুটআউট:  এলাকায় তীব্র আতঙ্ক

অন্ডালে বিয়ের আসরে শ্যুটআউট:  এলাকায় তীব্র আতঙ্ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-:

​       বিয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল কান্নায়। রবিবার দুপুরে অন্ডালের সিদুলি বেদপাড়া এলাকায় দিনের আলোয় শ্যুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন স্ত্রীর দ্বিতীয় বিয়ের আসরে হামলা চালিয়ে তার কাকাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

         ​জানা গেছে, দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গার বাসিন্দা শিবা বেদের সঙ্গে চার বছর আগে সম্পর্ক ছিন্ন করে সিদুলিতে কাকার বাড়িতে চলে এসেছিলেন মাম্পি বেদ। রবিবার সেখানেই তার নতুন বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষ হতেই অতর্কিতে দু’টি চারচাকা গাড়িতে  সহযোগীদের নিয়ে চড়াও হয় শিবা। অভিযোগ, মাম্পির কাকার ওপর লক্ষ্য করে গুলি চালায় সে। রক্তান্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

      মাম্পির অভিযোগ, বৈবাহিক জীবনে শিবা তার ওপর চরম অত্যাচার করত। কাকার উদ্যোগেই তার নতুন জীবন শুরু হতে যাচ্ছিল, যা মেনে নিতে না পেরেই এই হামলা। খবর পেয়ে অন্ডাল থানা ও বনবোহালা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার