আসানসোল ✍ Final Exposer

আসানসোল পুরনিগমে এখনও মমতার ছবি: প্রশাসনিক ভবনে ছবি বিতর্ক তুঙ্গে

আসানসোল পুরনিগমে এখনও মমতার ছবি: প্রশাসনিক ভবনে ছবি বিতর্ক তুঙ্গে

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -: 

       রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরে পরিবর্তনের হাওয়া লাগলেও আসানসোল পুরনিগমে এখনও অমলিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। খোদ মেয়রের চেম্বারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

        ​বুধবার আসানসোল পুরনিগমে গিয়ে দেখা যায়, মেয়র বিধান উপাধ্যায়ের আসনের ঠিক উপরেই শোভা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি ও কংগ্রেস। বিজেপি নেতা কেশব পোদ্দারের দাবি, সরকার বদলের পর প্রশাসনিক ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি থাকা সমীচীন নয়; তারা এই বিষয়ে কমিশনারের দ্বারস্থ হবেন। অন্যদিকে, কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতণ্ডী একে 'নীতি-নৈতিকতাহীন' কাজ বলে কটাক্ষ করেছেন। বিরোধীদের মতে, সরকারি দফতরে ব্যক্তিগত রাজনৈতিক আনুগত্যের বদলে মহাত্মা গান্ধী বা আম্বেদকরের মতো জাতীয় মনীষীদের ছবি থাকাই বাঞ্ছনীয়।

      বিতর্ক প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায়ের সাফাই, "ছবিটি আগে থেকেই ছিল। সরকারিভাবে ছবি সরানোর কোনো নির্দেশিকা এখনও আসেনি। নির্দেশ পেলে অবশ্যই তা পালন করা হবে।" যদিও প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্নে এই ঘটনা আসানসোলের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সরকার বদলের আবহে এই 'ছবি-রাজনীতি' এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার