আসানসোল ✍ Final Exposer

রাজনৈতিক পালাবদলের আবহ: অবৈধ বালি কারবার রুখতে আসানসোলে পুলিশি তৎপরতা

রাজনৈতিক পালাবদলের আবহ: অবৈধ বালি কারবার রুখতে আসানসোলে পুলিশি তৎপরতা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ও রাজনৈতিক পালাবদলের পরই অবৈধ বালি ও কয়লা কারবারের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। সেই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ভোরে আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় দামোদর নদের ঘাটে হানা দিয়ে বিবেক চক্রবর্তী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

        ​রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই খনি অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্ব নিয়েই দামোদরের বেহাল দশা ও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতি ও অবৈধ উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গঠন নষ্ট হয়ে পানীয় জলের তীব্র সংকট ও কৃষিকাজে সমস্যা তৈরি হয়েছে।

       ​স্থানীয়দের দাবি, ডামরা এলাকায় বিবেক চক্রবর্তীর নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আগে প্রভাবশালী মহলের মদতে পদক্ষেপ না নেওয়া হলেও, সরকার বদলের পর ছবিটা পাল্টাচ্ছে। বর্তমানে বালি উত্তোলনের ফলে নদীর তলদেশে কাদা ও মাটি বেরিয়ে এসেছে, যা জলধারণ ক্ষমতা কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। প্রশাসনের এই কড়া অবস্থানে সাধারণ মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর দাবি, এবার যেন এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার