আসানসোল ✍ Final Exposer

সন্ত্রাস,লুটপাট ও হুমকির অভিযোগে এবার গ্রেফতার ছড়া পঞ্চায়েতের প্রধান রামচরিত পাশওয়ান

সন্ত্রাস,লুটপাট ও হুমকির অভিযোগে এবার গ্রেফতার ছড়া পঞ্চায়েতের প্রধান রামচরিত পাশওয়ান

অনন্ত রুইদাস, অন্ডাল:-


রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই এবার পুলিশি অ্যাকশন। দিকে দিকে সন্ত্রাস, তোলাবাজি, দুর্নীতি ও সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগে এবার শ্রীঘরে প্রভাবশালী শাসকদলীয় নেতা। এবার পুলিশের জালে অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রামচরিত পাশওয়ান। দীর্ঘদিন ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য ও ভয়ের পরিবেশ তৈরি করে রাখার পর অবশেষে অন্ডাল থানার পুলিশের হাতে গ্রেপ্তার এই দাপুটে নেতা। আজই তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কোথাও কাটমানি, কোথাও তোলাবাজি, আবার কোথাও রাজনৈতিক হিংসা ছড়িয়ে বিরোধীদের মুখ বন্ধ রাখার অভিযোগ। আর সেই আবহেই এবার গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচরিত পাশওয়ান। অন্ডাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২১ সাল থেকে এলাকায় রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই রামচরিত পাশওয়ান। সাধারণ মানুষের ওপর নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে সে যুক্ত ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। বিশেষ করে বিজেপি সমর্থক এবং বিরোধী মতাদর্শের মানুষদের লাগাতার টার্গেট করা হতো। কেউ এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই জুটত অকথ্য মারধর, জুটত এলাকাছাড়া করার হুমকি।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার জোরে এবং প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে পার পেয়ে গেলেও, রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই ছবিটা বদলে যায়। সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন। পুরোনো সমস্ত অভিযোগের ফাইল খোলার পর, তদন্তে নেমে শেষ পর্যন্ত রামচরিত পাশওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, মঙ্গলবারই ধৃত এই তৃণমূল নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আপাতত আদালত এই দাপুটে নেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার