জেলার আপডেট ✍ Final Exposer

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে পুরভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

​       দুর্গাপুজো ও কালিপুজোর পরবর্তী সময়ে দুর্গাপুর পুরসভার নির্বাচন করানোর বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পাঁচ জেলার প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

      ​নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়টি সম্পূর্ণ রাজ্য নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত হলেও মুখ্যমন্ত্রী জানান, আগামী দুই-তিন মাসের মধ্যেই ডিলিমিটেশন ও ভোটার তালিকা প্রকাশের কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার দুর্গাপুরের নাগরিকদের একটি স্বচ্ছ ও নির্বাচিত পুর বোর্ড উপহার দিতে দায়বদ্ধ। ২০১৭ সালের ভোটপ্রক্রিয়া নিয়ে আগের প্রশাসনের বিরুদ্ধে ওঠা ভোট লুঠের অভিযোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে।

     ​এদিন মুখ্যমন্ত্রী পুর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ছাড়াই নিয়মিত পুর পরিষেবা পান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এছাড়া, ফলতা বিধানসভার সাম্প্রতিক উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলায় এখন থেকে প্রতিটি ভোটই উৎসবের মেজাজে হবে। উল্লেখ্য, ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার পর থেকে দীর্ঘ সময় দুর্গাপুর পুরসভা প্রশাসক মণ্ডলীর অধীনে পরিচালিত হচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার