উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

১৫ মিনিটের ঝড়েই তছনছ শিলিগুড়ি! রাস্তাজুড়ে উপড়ে পড়ল গাছ, পানিট্যাংকিতে পৌঁছে মেয়রকে ফোন বিধায়ক শঙ্কর ঘোষের

১৫ মিনিটের ঝড়েই তছনছ শিলিগুড়ি! রাস্তাজুড়ে উপড়ে পড়ল গাছ, পানিট্যাংকিতে পৌঁছে মেয়রকে ফোন বিধায়ক শঙ্কর ঘোষের

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি :-  বৃহস্পতিবার বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় শহর শিলিগুড়ির আকাশ। এরপরই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই শহরের একাধিক এলাকা কার্যত লন্ডভন্ড হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে বহু বড় বড় গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়, যার ফলে ব্যাহত হয় যান চলাচল এবং আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ছিল চম্পাসারি, পানিট্যাংকি সহ শহরের বিভিন্ন অংশ। কোথাও রাস্তার উপর বিশাল গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, আবার কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ঝড় থামার পর থেকেই প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু হয়।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই পানিট্যাংকি এলাকায় পৌঁছে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি দ্রুত রাস্তা পরিষ্কার ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
পরিস্থিতি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গেও ফোনে কথা বলেন বিধায়ক শঙ্কর ঘোষ। শহরের বিভিন্ন এলাকায় পড়ে থাকা গাছ সরানো ও জরুরি পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে প্রশাসনের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন তিনি। ঝড়ের জেরে শহরের বিভিন্ন এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ থাকলেও প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার