জেলার আপডেট ✍ Final Exposer

​হাওড়ায় আমুলের ডেইরি প্রকল্প, শিল্পায়নের নতুন দিগন্ত

​হাওড়ায় আমুলের ডেইরি প্রকল্প, শিল্পায়নের নতুন দিগন্ত

রিমা ঘোষ, ফাইনাল এক্সপোজার -:

       ​পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের নতুন অধ্যায় সূচনা করে হাওড়ার সালকিয়া ফুড পার্কে নিজস্ব ডেইরি প্রকল্প গড়তে চলেছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সমবায় সংস্থা ‘আমুল’। প্রায় ৬৫০ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রস্তাবিত এই কারখানা থেকে প্রতিদিন ১০ লক্ষ কেজি দই, লস্যি ও শরবতসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম দই প্রস্তুতকারক কেন্দ্র হিসেবে গণ্য হবে।

       ​দুই পর্যায়ে সম্পন্ন হতে চলা এই প্রকল্পের নির্মাণকাজের দায়িত্বে রয়েছে গুজরাটের একটি বিশেষজ্ঞ সংস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের দৈনিক বিক্রির পরিমাণ প্রায় ১০ লক্ষ লিটার, নতুন এই ইউনিট চালু হলে উৎপাদন ও সরবরাহ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি এই প্রকল্প স্থানীয় দুগ্ধচাষিদের জন্য নতুন বাজার ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

      উল্লেখ্য, ২০২৫ সালে রাজ্য সরকারের সঙ্গে আমুলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতিতে এই প্রকল্পের গতি আরও বৃদ্ধি পেয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজ্যের শিল্প মানচিত্রে এই বৃহৎ সংযোজন শিল্পায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলেই ওয়াকিবহাল মহলের অভিমত।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার