আসানসোল ✍ Final Exposer

জলসংকট নিরসনের আশ্বাসে বিধায়কের দ্বারস্থ বারাবনির মহিলারা

জলসংকট নিরসনের আশ্বাসে বিধায়কের দ্বারস্থ বারাবনির মহিলারা

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     ​বারাবনি বিধানসভা কেন্দ্রের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াবস্তি, সারধাপালি, গান্ধীনগর, ঘাটাল ও বি-ব্লক এলাকার মহিলারা তীব্র পানীয় জলের সমস্যা নিয়ে বিধায়ক অরিজিৎ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘদিনের এই সংকটের কথা বিধায়কের কাছে তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

     ​গ্রামবাসীদের সমস্যার কথা শুনে বিধায়ক অরিজিৎ রায় জানান, ইতিমধ্যেই তিনি জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। বিধায়ক জানান, সারধাপালি এলাকার মাঝিপাড়ায় অবিলম্বে একটি সাবমারসিবল পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হবে, যা ওই এলাকার বহু পরিবারের জলের কষ্ট দূর করতে সহায়ক হবে।

     ​বিধায়ক আরও বলেন, সমগ্র বারাবনি বিধানসভা জুড়েই জলসংকট একটি বড় সমস্যা। এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। বিধায়কের এই আশ্বাসের পর দীর্ঘদিনের জলকষ্ট থেকে মুক্তির আশায় বুক বেঁধেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় এখন গোটা এলাকা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার