আসানসোল ✍ Final Exposer

​বারাবনিতে তৃণমূলের কার্যালয়ে প্রশাসনের তালা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

​বারাবনিতে তৃণমূলের কার্যালয়ে প্রশাসনের তালা, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      দীর্ঘদিনের দলীয় কার্যালয় হিসেবে পরিচিত ভবনে প্রশাসনের তালা ঝোলাকে কেন্দ্র করে বারাবনিতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ‘স্বর্গীয় মানিক উপাধ্যায় স্মৃতিভবন’ নামে পরিচিত এই ভবনটির গেটে সোমবার প্রশাসনের তরফে “সরকারি সম্পত্তি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ” লেখা নোটিশ সাঁটিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

     ​বারাবনির প্রাক্তন বিধায়ক ও বর্তমান মেয়র বিধান উপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এই ভবনটি। প্রশাসনিক এই পদক্ষেপের পর প্রশ্ন উঠেছে, সরকারি সম্পত্তি হওয়া সত্ত্বেও এতদিন কীভাবে এটি তৃণমূলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলো? বারাবনি ব্লকের বিডিও শিলাদিত্য ভট্টাচার্য ভবনটিকে সরকারি সম্পত্তি বলে নিশ্চিত করেছেন।

     ​তৃণমূল নেতা প্রদীপ মিশ্র দাবি করেন, আগাম কোনো নোটিশ ছাড়াই এই তালা দেওয়া হয়েছে। অন্যদিকে, বিধান উপাধ্যায়ের দাবি, জায়গাটি কমিউনিটি হল হিসেবেই ব্যবহৃত হতো। 

   তবে বর্তমান বিধায়ক অরিজিৎ রায়ের মতে, সরকারি তহবিলে নির্মিত এই ভবন কোনো দলের সম্পত্তি নয়, এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য। তিনি ভবনটিকে আরও আধুনিক করে সাধারণের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি সম্পত্তি দখল ও রাজনৈতিক ব্যবহারের এই দ্বন্দ্বে এখন সরগরম বারাবনির রাজনীতি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার