পরিচ্ছন্নতায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, দুর্গাপুরে ঝাড়ু হাতে অভিযানে মন্ত্রী
শুক্লা ব্যানার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও দূষণমুক্ত রাখতে এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড বা রাস্তায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা ও পানের পিক ফেলার বিরুদ্ধে এবার থেকে কড়া নজরদারি চালানো হবে। সাধারণ মানুষকে সচেতন করতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এদিনের কর্মসূচিতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও ‘নির্মল বন্ধু-সাথী’রা। মন্ত্রী নিজে ঝাড়ু হাতে এলাকা পরিষ্কার করেন এবং স্থানীয় দোকানদারদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
অভিযান শেষে মন্ত্রী স্পষ্ট জানান, রাস্তায় নোংরা ফেললে এবার থেকে জরিমানা করা হবে। তবে তার আগে সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, নাগরিকদের অভিযোগ জানানোর জন্য খুব শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হবে বলে তিনি ঘোষণা করেন। শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ কাম্য বলে মন্ত্রী মন্তব্য করেন।


