জনকল্যাণ শিবির পরিদর্শনে আইএএস বিজয় ভারতী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সালানপুর ব্লকের উদ্যোগে রূপনারায়ণপুরের নান্দনিক হলে আয়োজিত হলো এক বিশেষ ‘জনকল্যাণ শিবির’। মঙ্গলবার এই শিবিরের সামগ্রিক কাজের খতিয়ান নিতে পরিদর্শনে আসেন বিশেষ অবজারভার তথা আইএএস (IAS) আধিকারিক বিজয় ভারতী।
এদিন শিবিরে পৌঁছে তিনি প্রতিটি প্রকল্পের জন্য বরাদ্দ টেবিলগুলি ঘুরে দেখেন এবং উপভোক্তা ও আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে পরিষেবার গুণমান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে বিজয় ভারতী জানান, “সীমানা এলাকায় আয়োজিত এই শিবিরের কাজ অত্যন্ত সুশৃঙ্খল ও প্রশংসনীয়। সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসন যথেষ্ট তৎপর।”
তবে কাজের প্রসারের ক্ষেত্রে কিছু খামতিও তার নজরে এসেছে। তিনি স্পষ্ট করেন, আয়ুষ্মান ভারত এবং উজ্জ্বলা গ্যাস যোজনার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। যোগ্য উপভোক্তারা যাতে এই পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য স্থানীয় প্রশাসনকে আরও বেশি প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এদিনের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে পর্যবেক্ষকের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, অন্যান্য পদস্থ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশাসনের এই উদ্যোগ এবং পর্যবেক্ষকের পরামর্শ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
