আসানসোল ✍ Final Exposer

পথ দুর্ঘটনায় মৃত হোম গার্ড, শোকের ছায়া নিয়ামতপুর ফাঁড়িতে

পথ দুর্ঘটনায় মৃত হোম গার্ড, শোকের ছায়া নিয়ামতপুর ফাঁড়িতে

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     এনএইচ-১৯-এর কাজোড়া ওভারব্রিজে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক হোম গার্ড কর্মী। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রবি সাউ নামে ওই কর্মীর। এই অকাল প্রয়াণে পুলিশ মহল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

        ​পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রবি সাউ বরাকরের বাসিন্দা ছিলেন এবং নিয়ামতপুর ফাঁড়িতে কর্মরত ছিলেন। দাপ্তরিক কাজে দুর্গাপুর গিয়ে কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফেরার পথে কাজোড়া ওভারব্রিজের ওপর তিনি দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষ বা নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

     ​দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা নাকি অন্য কোনো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কর্মঠ ও সদালাপী হিসেবে পরিচিত রবি সাউয়ের মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মী এবং এলাকাবাসী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার