বিজেপি কর্মী ও সমর্থকের ওপর হামলার অভিযোগ, ধৃত তৃণমূল নেতা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বিজেপির কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগে তৃণমূলের যুব নেতা সৌমিত্র ব্যানার্জ্জীকে গ্রেপ্তার করল রাণীগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতা রবি কেশরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
অভিযোগকারী বিজেপি নেতার দাবি, ২০২৪ সালে অভয়াকাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল দুষ্কৃতীদের হামলায় তিনি গুরুতর জখম হন। তার অভিযোগ, এই হামলার মূল হোতা ছিলেন সৌমিত্র ব্যানার্জ্জী। রবি কেশরীর দেওয়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে, প্রকাশ্য দিবালোকে বিজেপি কর্মীদের ওপর মারমুখী আক্রমণ চালানো হচ্ছে। বিজেপি নেতার আরও অভিযোগ, ধৃত ব্যক্তি বালি ও কয়লা পাচারের মতো অপরাধমূলক কাজের সঙ্গেও যুক্ত। উপযুক্ত শাস্তির দাবিতেই তারা আইনি পথে গিয়েছেন এবং আগামীতে অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সৌমিত্র ব্যানার্জ্জী। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আইনের ওপর আস্থা প্রকাশ করেছেন। এছাড়া, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেছেন। বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব নিজেদের অবস্থানে অনড়। তারা স্পষ্ট জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
