আসানসোল ✍ Final Exposer

মাইথনে অসীম সাহসিকতা: ডুবন্ত পর্যটকদের প্রাণ বাঁচিয়ে সংবর্ধিত নৌকাচালক

মাইথনে অসীম সাহসিকতা: ডুবন্ত পর্যটকদের প্রাণ বাঁচিয়ে সংবর্ধিত নৌকাচালক

​শুক্লা ব্যানার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     মাইথন জলাধারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে ১৪ জন পর্যটককে রক্ষা করে মানবিকতার অনন্য নজির গড়লেন নৌকাচালক মহম্মদ তাজুদ্দিন। মঙ্গলবার জলাধারের মাঝখানে নৌকা ডুবে যাওয়ার মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে তিনি পর্যটকদের প্রাণ বাঁচান। তাঁর এই বীরত্বপূর্ণ কাজের জন্য বুধবার তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

      ​সূত্রের খবর, মঙ্গলবার সকালে ১৪ জন পর্যটক নিয়ে নৌকাটি সবুজ দ্বীপের দিকে যাচ্ছিল। জলাধারে জলস্তর কম থাকায় মাঝপথে পাথরের ধাক্কায় নৌকার তলা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। আতঙ্কের সেই মুহূর্তে খবর পেয়ে বাবু বোট ঘাট থেকে দ্রুত নিজের নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তাজুদ্দিন। কোনো দ্বিধা ছাড়াই তিনি ডুবন্ত নৌকা থেকে পর্যটকদের নিরাপদ আশ্রয়ে উদ্ধার করেন।

    ​তাজুদ্দিনের এই দ্রুত সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। বুধবার সকালে মাইথন বাবু বোট ঘাটে ঝাড়খণ্ডের জেএমএম নেতা মহম্মদ গুলাম কুরেশি এবং পশ্চিমবঙ্গের সালানপুর ব্লকের বিজেপি নেতা ডাক্তার সত্য নারায়ণ রায় তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। জেএমএম নেতার মতে, তাজুদ্দিনকে সরকারিভাবে বীরত্বের স্বীকৃতি দেওয়া উচিত। 

      অন্যদিকে, বিজেপি নেতা জানান, তার তৎপরতা না থাকলে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারত। এক মৎস্যজীবীর এই মানবিক উদ্যোগ বর্তমানে গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার