গ্যাংয়ের লড়াইয়ে উত্তপ্ত চিত্তরঞ্জন রেল শহর, পুলিশের কড়া হুঁশিয়ারি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
শান্ত ও সুরক্ষিত রেল শহর হিসেবে পরিচিত চিত্তরঞ্জনের রাতের নিস্তব্ধতা ভাঙল দুষ্কৃতী গ্যাংয়ের তাণ্ডবে। এলাকা দখল ও একাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রীতম সিং ও সাহেবের গ্যাংয়ের বিবাদ ১৭ জুন রাতে চরম আকার ধারণ করে। এই ঘটনায় সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
সূত্রের খবর, গত বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ২১-এ রাস্তার একটি রেল আবাসনে সাহেবের গ্যাংয়ের ওপর প্রীতম সিংয়ের দল হামলা চালায় বলে অভিযোগ। আবাসনের বাইরে থাকা বাইক ভাঙচুর এবং দরজা-জানলা লক্ষ্য করে ধাক্কাধাক্কির পাশাপাশি এলাকায় গুলি চলারও গুজব ছড়িয়ে পড়ে। আতঙ্কে প্রতিবেশীরা ঘরবন্দি হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত চিত্তরঞ্জন থানা ও আরপিএফ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, উভয় গ্যাংয়ের বিরুদ্ধেই একাধিক গুরুতর অপরাধের অতীত রেকর্ড রয়েছে। ২০২১ সালে কর্নেল সিং পার্কে রেলকর্মীর মৃত্যু কিংবা ভিন রাজ্যে খুনের ঘটনার মতো নজির এই দুষ্কৃতীদের অতীতের কালিমালিপ্ত ইতিহাসেরই অংশ। পুলিশের স্পষ্ট বার্তা, আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই রেয়াত করা হবে না। রেল শহরের শান্ত পরিবেশ রক্ষায় প্রশাসন এখন কঠোর অবস্থানে।
অভিযুক্তদের পাকড়াও করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং অসামাজিক চক্রের মাথাচাড়া দেওয়া রুখতে পুলিশ কোমর বেঁধে নেমেছে।


