আসানসোল ✍ Final Exposer

সরকারি দফতর ও স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম, তদন্তের দাবিতে সরব বিজেপি

সরকারি দফতর ও স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম, তদন্তের দাবিতে সরব বিজেপি

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         আসানসোল পৌরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ডের মহিশীলা কলোনিতে সরকারি সম্পত্তির অপব্যবহার এবং অব্যবস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে এলাকা পরিচ্ছন্নতার কাজের সময় স্থানীয় ডেভেলপমেন্ট কমিটি অফিস ও সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে একাধিক অনিয়ম সামনে এনেছেন বিজেপি জেলা নেত্রী কাকলি ঘোষ।

      ​কাকলি ঘোষের অভিযোগ, ডেভেলপমেন্ট কমিটি অফিসের একটি ঘরে পৌরসভার ডাস্টবিনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সামগ্রী মজুত রাখা ছিল। সরকারি দপ্তরে রাজনৈতিক দলের পতাকা রাখা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তিনি অভিযোগ করেন, বাথরুমে মদের বোতল পড়ে ছিল এবং সেখানে সরকারি ত্রাণের কম্বল মজুত রাখা ছিল।

      ​এছাড়াও, স্বাস্থ্যকেন্দ্রের পাশে দীর্ঘদিন ধরে একটি খোলা জলাধারে জমে থাকা নোংরা জল মশার উপদ্রব ও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে তিনি দাবি করেন। যেখানে ডেঙ্গু রোধে প্রশাসনের প্রচার চলছে, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল দশা কেন, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এলাকায় পানীয় জল-সহ অন্যান্য নাগরিক পরিষেবার অভাব নিয়েও তিনি জনপ্রতিনিধিদের নিশানা করেন। পুরো ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

       ​যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বা আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার