আসানসোল ✍ Final Exposer

রামপুর এমভিআই দপ্তরে ফের ‘ডান্ডা ট্যাক্স’ ও তোলাবাজির অভিযোগ

রামপুর এমভিআই দপ্তরে ফের ‘ডান্ডা ট্যাক্স’ ও তোলাবাজির অভিযোগ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

    রাজ্যজুড়ে ‘ডান্ডা ট্যাক্স’ বা অবৈধ তোলাবাজি বন্ধের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও, বাংলা-ঝাড়খণ্ড সীমানার রামপুর এমভিআই (MVI) দপ্তরের বিরুদ্ধে ফের লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, দালাল চক্রকে কাজে লাগিয়ে এখানে কাঁচামালবাহী ও অন্যান্য যানবাহন থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে।

      ​ভুক্তভোগী চালকদের দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সীমানায় গাড়ি আটকে টাকা দাবি করা হয়। পাঞ্জাব থেকে আসা এক ডিমবোঝাই ট্রাক চালকের অভিযোগ, ‘এন্ট্রি ফি’ না দেওয়ায় তাঁর গাড়ি আটকে রাখা হয়েছে এবং অতিরিক্ত উচ্চতার অছিলায় ৬,২০০ টাকা জরিমানা চাওয়া হচ্ছে। এতে ডিম নষ্ট হয়ে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। অপর এক চালকের অভিযোগ, সীমানার ‘মামা হোটেল’-এ দালালের মাধ্যমে ৫৫০ টাকা দেওয়ার পরেও গাড়ি আটকে রাখা হয়েছে। এমনকি খালি গাড়িও পারমিট পরীক্ষার নামে হেনস্থার শিকার হচ্ছে।

    ​চালকদের ক্ষোভ, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রামপুর এমভিআই দপ্তরে বৈধ কাগজপত্রের চেয়ে ‘টাকা’ই বড় হয়ে দাঁড়িয়েছে। এই অবৈধ সিন্ডিকেট ও জুলুমবাজির জেরে ভিনরাজ্যের চালকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এই লাগামছাড়া দুর্নীতি রুখতে রাজ্য প্রশাসন আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার