কারখানায় শ্রমিকের আঙুল কাটা নিয়ে উত্তেজনা, কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের বৈঠকে রফাসূত্র
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
দেন্দুয়া অঞ্চলের ‘রামদূত মেটেলয়েস প্রাইভেট লিমিটেড’ কারখানায় কাজে যোগ দিয়ে আহত এক ঠিকা শ্রমিকের ক্ষতিপূরণ ও সুরক্ষার দাবিতে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল। গত ১৫ জুন মোটরের ভ্যাকুম ক্লিনারে হাত ঢুকে গণেশ হাঁসদা নামে ওই শ্রমিকের দুটি আঙুল জখম হয়। চিকিৎসার পর সোমবার তিনি পরিবার ও গ্রামবাসীদের নিয়ে কারখানার সামনে বিক্ষোভে শামিল হন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতৃত্ব ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিক সুরক্ষার খাতিরে কড়া নিয়ম চালুর সিদ্ধান্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে গাফিলতি করলে সংশ্লিষ্ট শ্রমিকের ৫ দিনের মজুরি কেটে নিয়ে তা একটি ‘কল্যাণ ফান্ডে’ জমা রাখা হবে। পাশাপাশি কারখানায় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, সমস্ত শ্রমিকের জন্য পিএফ (PF) ও ইএসআই (ESI) সুবিধা এবং শৌচালয় তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৈঠক চলাকালীন বিজেপি নেতা কৃষ্ণা বাউরী উপস্থিত হলে গ্রামবাসী ও আহত শ্রমিকের পরিবার রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে বৈঠক ছেড়ে উঠে যান। আহত শ্রমিকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ তাঁর বাড়িতে গিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে। দাবি পূরণ না হলে লেবার কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
