ফলতার ছায়া সালানপুরে: পুলিশি হেফাজতে থাকা তৃণমূল নেতাকে রাস্তায় হাঁটাল পুলিশ, তীব্র চাঞ্চল্য
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
দক্ষিণ ২৪ পরগনার ফলতার পর এবার পশ্চিম বর্ধমানের সালানপুর। পুলিশি হেফাজতে থাকা প্রভাবশালী রাজনৈতিক নেতাকে রাস্তায় প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম শোরগোল ছড়াল রূপনারায়ণপুর এলাকায়। অভিযুক্ত এই নেতার নাম বিজয় সিং ওরফে ভোলা সিং, যিনি সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি।
জানা গেছে, একটি পাথর খাদান সংক্রান্ত মামলায় গত বৃহস্পতিবার সালানপুর থানার পুলিশ ভোলা সিংকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তাকে রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে সবজি বাজার পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। পরনে সাধারণ হাফ প্যান্ট এবং চারধারে কড়া পুলিশি নিরাপত্তা— অভিযুক্ত নেতাকে এভাবে জনসমক্ষে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতার একাংশের মধ্য থেকে ‘চোর’ স্লোগান শোনা যায়।
পুলিশের এই নজিরবিহীন ‘রোড শো’ নিয়ে এলাকায় যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। পুলিশের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়ে বিজেপি নেতা বাবন মণ্ডল ও চিন্ময় তেওয়ারী জানান, তৃণমূল নেতার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। পুলিশের এই ভূমিকায় এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে বলে তাঁদের দাবি।
তবে এই ঘটনার পর আইনি প্রশ্নও উঠতে শুরু করেছে। পুলিশি হেফাজতে থাকা কোনো অভিযুক্তকে এভাবে জনসমক্ষে হাঁটানো আইনসম্মত কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে চর্চা তুঙ্গে। ফলতার পর সালানপুরের এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা এবং পুলিশের কার্যপদ্ধতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।



