আসানসোল ✍ Final Exposer

দুর্নীতি ও প্রতারণার দায়ে গ্রেফতার তৃণমূল উপপ্রধান সুরজিৎ মোদক

দুর্নীতি ও প্রতারণার দায়ে গ্রেফতার তৃণমূল উপপ্রধান সুরজিৎ মোদক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
চাকরি দেওয়ার নামে প্রতারণা, খাস জমি দখল এবং বালি-পাথরের অবৈধ কারবারের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন আসানসোলের জিৎপুর-উত্তররামপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুরজিৎ মোদক। রবিবার দুপুরে রূপনারায়ণপুরের ডাবর মোড়ে উত্তেজিত জনতার রোষের মুখে পড়ার পর পুলিশ তাঁকে উদ্ধার করে এবং রাতে গ্রেফতার দেখায়। সোমবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপপ্রধান হওয়ার পর থেকেই সুরজিৎ ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। খাস জমি দখল করে মোটা টাকার বিনিময়ে লোক বসানো, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং বালি-পাথরের অবৈধ ব্যবসার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে সাধারণ মানুষকে হেনস্থা ও মারধর করতেন তিনি। বিজেপির দাবি, সুরজিতের দাপটে এতদিন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম ছিল, কিন্তু সরকার বদলের পর মানুষ এখন প্রতিবাদে মুখর।
আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও মহিলারা তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেন। পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে আদালতে তোলা হয়। পুলিশ এখন তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আর্থিক কেলেঙ্কারির আরও তথ্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। সুরজিতের গ্রেফতারির ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এবং তাঁর বিরুদ্ধে আরও নতুন মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে।
F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার