আসানসোল ✍ Final Exposer

ইএসআই পরিষেবা না পাওয়ার অভিযোগে উত্তাল রানীগঞ্জের হুগলি জুট মিল

ইএসআই পরিষেবা না পাওয়ার অভিযোগে উত্তাল রানীগঞ্জের হুগলি জুট মিল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বেতন থেকে নিয়মিত ইএসআই-এর অর্থ কেটে নেওয়া সত্ত্বেও দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রানীগঞ্জের মঙ্গলপুরস্থিত হুগলি জুট মিল। গত বৃহস্পতিবার কর্মরত অবস্থায় আনন্দ বাগদি নামে এক শ্রমিকের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেলে তাঁকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না মেলায় সহকর্মী শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, প্রতি মাসে নিয়ম করে বেতন থেকে ইএসআই-এর টাকা কাটা হলেও, বিপদের দিনে সেই পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এই অব্যবস্থার পেছনে মিল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও শ্রমিকরা দাবি করেছেন। যদিও কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আহত শ্রমিকের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ইএসআই সংক্রান্ত জটিলতার অবিলম্ব সমাধানের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে ভবিষ্যতে যাতে কোনো শ্রমিক এমন হয়রানির শিকার না হন, তার নিশ্চয়তা চেয়েছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শ্রমিকদের এই আন্দোলনের ফলে মিলের উৎপাদন ব্যাহত হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও পরিষেবার মান উন্নয়নের দাবিতে সরব হয়েছেন জুট মিলের শ্রমিকরা।
F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার