আসানসোল ✍ Final Exposer

জীবন মানেই সংগ্রাম

জীবন মানেই সংগ্রাম

মায়া ঘোষ (কলকাতা)

জীবনভর চলতে থাকে একটা সংগ্রাম
সংগ্রামই জীবনের নাম,
আঁকাবাঁকা পথে চলে নদীর স্রোতের মতো
গরমিল শব্দে লেখা খাম।

চাওয়া পাওয়া নিয়ে চলে কত টানাটানি
লাভ ক্ষতি হিসাবের কড়ি,
কখনো আসে আনন্দ কভু বা বিষাদ ঝড়
দুলে ওঠে জীবনের তরী।

জীবনের অংক বড়ো জটিল হিসাব তার
যোগ বিয়োগে ঘটায় দ্বন্দ্ব,
দুঃসময় গুলো বয়ে আনে যত রক্ত ক্ষত
জীবন তারে বাজে না ছন্দ।

জীবন খাতায় থাকে সেথা হিজিবিজি দাগ
কঠিন সময় পাতে হাত,
ভোরের আলো সরায় নিশীথ দেয় ভরসা
কাটে তখন আঁধার রাত।

জীবন হাটে মানুষ কত আসে আর যায়
বিকিকিনি ভাঙাগড়া কত,
কিছু চলে যায় দূরে কিছু সম্পর্কের রেশ
থাকে আজীবন রত।

সুখের দিনের বন্ধু অনেক পাওয়া যায়
দুর্দিনের বন্ধু কাছে থাকে,
মনেতে দেয় ভরসা বল ভালোবাসা
হাতের পরে হাতটি রাখে।

যত লড়াই সংগ্রাম থাকুক জীবন মাঝে
জীবনকে ভালোবাসি তবু ,
নিয়ে সুখকর স্মৃতি সন্মুখে এগিয়ে চলি
বিমুখ যেন না হই কভু।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার