কবিতা

সমাজের ইতিকথা

তৃপ্তি রায়চৌধুরী (কলকাতা)

আজব দেশে মজার মানুষ
ওড়ায় শুধু মিথ্যে ফানুস।

আপন স্বজন মারামারি
আমি তুমি'র কাড়াকাড়ি।

ওপর ওপর দেখনদারি
ভেতরে সব ফুটো হাঁড়ি।

সুখ বলে যায় গেলাম আমি
তুই বুঝে নিস কোনটা দামি।

কামাই টাকা ছলে বলে
যাক না সমাজ রসাতলে!

মন্দ কথা যতোই বলো
পিঠটাকে ভাই চুলকে চলো।

দেখলে বিপদ ঘাপটি মেরে
উধাও হবে মুলুক ছেড়ে।

সুখের পাশে ভিড় স্বজনের
দুঃখ মেটায় দায় ক'জনের?

পরের ভাগ্যে চোখটা টাটায়
সর্বনাশে বুদ্ধি খাটায়।

সাধুর বেশে ভন্ড ঘোরে
মানটা বাঁচায় বরাত জোরে।