আসানসোল ✍ Final Exposer

আসানসোল লোকসভা কেন্দ্র- কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন

ফাইনাল এক্সপোজার:- লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন। আপাতত প্রথম তিন দফায় প্রায় সফল হওয়ার পর কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে নির্বাচন কমিশন। কারণ চতুর্থ দফায় আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। এখানে মোট বুথের সংখ্যা ১৯০১ টি। এরমধ্যে ৯৩০ টি অর্থাৎ প্রায় ৫০ শতাংশ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতি স্পর্শকাতর বুথের সংখ্যা হলো ৩১৯ টি। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করেছে। ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ৫৪৭২ জন রাজ্য পুলিশ। সবমিলিয়ে প্রায় ১৪ হাজারের মতো বাহিনী থাকছে এখানে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটের দিন একটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। যার নম্বর ০৩৪১ ২২৫০ ৩২৪। প্রসঙ্গত আসানসোল লোকসভা কেন্দ্রের মোট প্রার্থীর সংখ্যা ৭ জন হলেও মূল লড়াই তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ১০ হাজার ৯৬১ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭৭ হাজার ২০১ জন, মহিলা ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৭২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪০ জন। গোটা জেলায় পোলিং স্টেশন রয়েছে ২৪৯৮ টি ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার