সঙ্গীতা কর (কলকাতা)

অরুণ, তুমি অস্ত যাওয়ার পরে
জাগিয়ে দিয়েছো অনেক শব্দ বুকের অভ্যন্তরে
মুখর মুখ ঢাকা ছিল ভয়ের চাদর দিয়ে
আজকে হঠাৎ জেগে উঠেছে প্রখর শক্তি নিয়ে।
অরুণ, তুমি অস্ত যাওয়ার পরে
জাগিয়ে দিয়েছো ভালোবাসা অনেক অন্তরে
কবে? কোথায়? কেমন করে ডুবেছি ভালোবাসায়
বুঝিনি আগে এমনভাবে ছুঁয়ে গিয়েছো হৃদয়।
অরুণ, তুমি অস্ত যাওয়ার পরে
জাগিয়ে দিয়েছো অনেক আলো নিকষ অন্ধকারে
পা ফেলে এগিয়ে চলেছি পথের ঠিকানায়
জাগছে আশা পৌঁছে যেতে সঠিক নিশানায়।
অরুণ, তুমি অস্ত যাওয়ার পরে
জাগিয়ে দিয়েছো দেখার দৃষ্টি চক্ষুকোটর জুড়ে
ন্যায়, অন্যায় বোধটা যেন বুঝছি বেশি করে
তোমার জন্য প্রতিবাদ রাখছি কন্ঠে ধরে।
অরুণ, তুমি অস্ত যাওয়ার পরে
জাগিয়ে দিয়েছো মেরুদন্ড ভীষণ শক্ত করে
তোমার জন্যই জেগে উঠেছে শুষ্ক শিরায় উষ্ণতা
রাজপথ জুড়ে মিছিলে হাঁটছে শিল্পী এবং জনতা।
অরুণ, তুমি অস্ত যাওয়ার পরে
হাতড়ে দেখি মনের মধ্যে আছো যত্ন করে
আগের থেকে অনেক বেশি, অনেক বেশিই শ্রদ্ধা ভরে
প্রমাণ দিলে অরুণ(নক্ষত্র)কখনো যায় না দূরে সরে।
