সুলেখা চক্রবর্তী, আমতা, হাওড়া:- বুধবার সকালে হাওড়া–আমতা লোকাল ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। এদিন মহেন্দ্রলাল স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহিলা সেখানেই পড়ে ছিলেন বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, ঘটনাটি সকাল নটা কুড়ি নাগাদ আমতা থেকে হাওড়ামুখী লোকাল ট্রেনে যাত্রাকালীন ঘটে থাকতে পারে। গেটম্যানকে বারবার আরপিএফ ও থানায় খবর দিতে অনুরোধ করা হলেও কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রাই জগৎবল্লভপুর থানায় খবর দেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে জগৎবল্লভপুরের গোয়ালপোতা হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ।