রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তর কেন্দ্রের উন্নয়নমূলক ‘ইস্তেহার’ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। শিল্পাঞ্চলের সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান এবং নাগরিক পরিষেবা বৃদ্ধিতে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন তিনি।
মলয় ঘটক তার ইস্তেহারে আসানসোলের উত্তর অংশের সামগ্রিক উন্নয়নের জন্য মূলত তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন- স্বাস্থ্য, শিক্ষা এবং পরিকাঠামো। পৌরনিগমের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প চলছে, তা দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসানসোল উত্তরের প্রতিটি ওয়ার্ডের অলিগলি সংস্কার এবং জমা জল সমস্যার স্থায়ী সমাধানের জন্য আধুনিক ড্রেনেজ সিস্টেমের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইশতেহারে এলাকার বন্ধ হয়ে যাওয়া কলকারখানার পুনরুজ্জীবনে রাজ্য সরকারের সক্রিয় ভূমিকা এবং স্থানীয় যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলির মানোন্নয়ন এবং জেলা হাসপাতালে আরও উন্নত চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মলয় ঘটক ।
ইস্তেহার প্রকাশ করে মলয় ঘটক বলেন,
”উন্নয়নই আমাদের হাতিয়ার। গত কয়েক বছরে আসানসোল উত্তর কেন্দ্রের মানুষ যে উন্নয়ন দেখেছেন, আগামী দিনে সেই গতি আরও বাড়বে। মমতা ব্যানার্জ্জীর জনমুখী প্রকল্পগুলি প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
কর্মীদের উদ্দেশ্যে মলয় ঘটক বলেন, ঘরে ঘরে গিয়ে গত ৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে। বিরোধীদের পক্ষ থেকে এই ইস্তেহারকে নির্বাচনী চমক বলে কটাক্ষ করা হলেও সাধারণ মানুষের মধ্যে এই উন্নয়নমূলক প্রতিশ্রুতি ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে।



