​আসানসোলে মোদির হুঙ্কার: পরিবর্তন আসছেই, ফিরবে শিল্পের গৌরব

​আসানসোলে মোদির হুঙ্কার: পরিবর্তন আসছেই, ফিরবে শিল্পের গৌরব

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:    

      বৃহস্পতিবার শিল্পাঞ্চল আসানসোলের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি স্পষ্ট জানান, বিজেপি ক্ষমতায় এলে বাংলার বুক থেকে মাফিয়ারাজ এবং জঙ্গলরাজ চিরতরে নির্মূল করা হবে। পরিবর্তে ফিরিয়ে আনা হবে আসানসোল-দুর্গাপুরের হারিয়ে যাওয়া শিল্পের গৌরব ও বাংলার সমৃদ্ধ ঐতিহ্য।

         প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বর্তমান সরকারের ছত্রছায়ায় বাংলায় কয়লা ও বালি মাফিয়াদের দাপট বেড়েছে। তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি সরকার গঠন করলে এই দুর্নীতি ও ত্রাসের রাজত্ব শেষ হবে।

​ 

         মোদি বলেন, “আসানসোল একসময় ভারতের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র ছিল। আগে মানুষ এখানে কাজ করতে আসত। আজ এখান থেকে যুবকদের বাইরে চলে যেতে হচ্ছে।” তিনি আশ্বাস দেন, আধুনিক পরিকাঠামো তৈরির মাধ্যমে বিনিয়োগ আনা হবে এবং শিল্পায়ন ত্বরান্বিত করা হবে।

          বাংলার মহান মনীষীদের আদর্শ ও ঐতিহ্যকে কলঙ্কিত করা হচ্ছে বলে তিনি কটাক্ষ করেন। তার দাবি, একমাত্র বিজেপিই পারে বাংলার প্রকৃত সংস্কৃতি ও কৃষ্টির সুরক্ষা নিশ্চিত করতে।

        সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোবাংলার মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না রাজ্য সরকার। ​ফলে বঞ্চিত হচ্ছে রাজ্যের মানুষ। 

         তিনি আরও বলেন, ​”বাংলার মানুষ মাফিয়া মুক্ত শাসন চায়। ​আপনারা একবার সুযোগ দিন,  সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আপনারা দেখেন আমরা সেটা পূরণ করব। আসানসোলে কারখানার  চিমনি থেকে ফের ধোঁয়া বেরোবে, শ্রমিকদের ঘরে ফিরবে সমৃদ্ধি।”

       আসানসোলের এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে এই অঞ্চলটি শ্রমিক অধ্যুষিত, অন্যদিকে এখানে হিন্দুস্থানি এবং বাঙালি ভোটের ভারসাম্য লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়। প্রধানমন্ত্রী মোদি এদিন উন্নয়নের ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সাধারণ মানুষের কাছে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। মোদির দাবি, বাংলার মানুষ এবার তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে বিজেপিকে বেছে নিতে মনস্থির করে ফেলেছেন। আসানসোলের জনসমুদ্র সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *