সৌভিক সিকদার, মঙ্গলকোট পূর্ব বর্ধমান -:
সব ঠিক থাকলে মোটামুটি আগামী মাস ৩ এর মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতির মত নারী-কেন্দ্রিক উন্নয়নমূলক প্রকল্পগুলি মহিলা সহ সাধারণ মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে। তৃণমূল কংগ্রেস নিজেদের রাজত্বকালের বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছরের সেই সাফল্যের কাহিনী পাঁচালির সুরে ‘উন্নয়নের পাঁচালি’-কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সচেষ্ট হয়ে উঠেছে। প্রতিটি ব্লকের প্রতিটি বুথের জন্য গড়ে উঠেছে ‘টিম’। জানা যাচ্ছে এই টিম তৃণমূল স্তরে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে প্রতিটি বুথে ন্যূনতম তিনটি করে সভার আয়োজন করবে।
চাণক অঞ্চলের পালপাড়ার বিখ্যাত ‘ছেলে কালী’ তলায় পুজো দিয়ে কালী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে অঞ্চলের ছ’টি বুথের মানুষের কাছে ‘উন্নয়নের পাঁচালি’ তুলে ধরতে সক্রিয় হয়ে ওঠে অঞ্চলের তৃণমূল কর্মীরা। ঘোষণা অনুযায়ী প্রতিটি বুথে সক্রিয় ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা।
প্রতিটি বুথে উপস্থিত মহিলাদের সামনে স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী দলের সাফল্যের কাহিনী তুলে ধরেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি আহ্বান জানান। প্রতিটি বুথে জয়লাভ সুনিশ্চিত করার জন্য সমস্ত কর্মীদের তিনি সক্রিয় হতে বলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রতিটি সভায় উপস্থিত ছিলেন ‘টিম’ লিডার মাসাদুর রহমান, চাণক অঞ্চল সভাপতি রমজান সেখ সহ অন্যান্যরা।