একটু সাহসী হলে

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর, পশ্চিম বর্ধমান)

আমরা বুলেটের ভয়ে যদি
চুপচাপ থেকে যাই
অত্যাচারীরা সাহস পাবে,
কাউকে পাবে না ভয়।
বুলেটের ঘায়ে মৃত্যু হলে
হবে তা একবার–
ভীতু মানুষের আত্মা মরে
প্রতি মুহূর্তে বার বার।
ভয় বা লোভে তাবেদারী করে
লাভের লাভ নেই কিছু–
মতবিরোধ হলেই মাথাটা ধরে
করে দেবে তারা নীচু।
অন্যের দিকে তাক করা নলের
অভিমুখ ঘুরে যাবে,
এই ভয়ে ভয়ে জীবনটাই শেষে
অকালে ফুরিয়ে যাবে।
মিথ্যার পা যতই বড়ো হোক
মিথ্যাতেই শেষ হয়,
সত্যের লাঠি পড়বে যেদিন
সেদিন নিমেষে হবে লয়।
উচিত কথাটা বলে দেওয়ায় যদি
বুলেট খেতেও হয়–
শরীরের বিনাশ হতেই পারে
আত্মার কভু নয়।
যত ফোঁটা রক্ত ঝরবে তার চেয়ে
উপলব্ধি ছড়াবে বেশি,
আত্মার আত্মীয় হয়ে অনেকে
সেই পথে যাবে মিশি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *